সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার সব আসামির গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের গৌরনদী প্রেসক্লাবের পূর্বঘোষিত পাঁচ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।
গৌরনদী প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শেষে গৌরনদী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহির।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো: গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, মো: আসাদুজ্জামান রিপন প্রমুখ।
এ সময় প্রেসক্লাবের সহসভাপতি এম আলম, সাবেক সহসভাপতি এইচএম নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, মো: হানিফ সরদার, উত্তম দাস, সহ-সম্পাদক আমিনা আকতার সোমা, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য আমিন মোল্লা, মণীষ চন্দ্র বিশ্বাস, বদরুজ্জামান খান সবুজ, এইচএম খায়রুল ইসলাম, মোল্লা ফারুক হাসান, পলাশ তালুকদার, বিএম বেলাল, মোশাররফ হোসেন, মোস্তফা হাওলাদার, লিটন খান, নাসির হোসেন, রাশেদ আহমেদ, আবু সাঈদ খন্দকার, বিনয় কৃষ্ণ শিয়ালীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা অনতিবিলম্বে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত সব আসামির গ্রেফতারের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ২ আগস্ট বিকেলে উপজেলার টিঅ্যান্ডটি মোড়ে এক মোটর মেকানিককে কুপিয়ে জখম করা হয়।
খবর পেয়ে হামলার সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় যুবদলকর্মী মাসুম সরদার, ইয়াসিন সরদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাওলাদার, তার ভাই সবুজ হাওলাদার ও স্থানীয় রিয়াজ উকিলসহ তাদের অন্যান্য সহযোগীরা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জুলফিকারকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।



