গোপালগঞ্জে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার ১

অভিযানে চিহ্নিত মাদককারবারি শহিদুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তার ঘরে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ১০ হাজার ২০৭ পিস ইয়াবা, দুই কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ চার লাখ ২৬ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

মো: সেলিম রেজা, গোপালগঞ্জ

Location :

Gopalganj
পুলিশের সংবাদ সম্মেলন
পুলিশের সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

গোপালগঞ্জে এক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকাসহ শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮) নামে এক শীর্ষ মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদক ও নগদ অর্থের সর্বমোট বাজার মূল্য প্রায় ৩৪ লাখ টাকা।

রোববার (১২ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যযালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার শহিদুল কাশিয়ানী থানাধীন পশ্চিম রাতইল গ্রামের মরহুম শেখ মোহাম্মদ আলীর ছেলে এবং ওই এলাকার একজন শীর্ষ মাদক করবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ইতোপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটিসহ সর্বমোট পাঁচটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, পুলিশের একটি দল কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল এলাকায় এই অভিযান পরিচালনা করেন। অভিযানে চিহ্নিত মাদককারবারি শহিদুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তার ঘরে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ১০ হাজার ২০৭ পিস ইয়াবা, দুই কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ চার লাখ ২৬ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, ‘এটি আমার জানামতে গোপালগঞ্জে আটক হওয়া ইয়াবার সবচেয়ে বড় চালান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ মাদককারবারি আকাশকে গ্রেফতার করা হয়। গত ১ মাসে জেলায় ১২৪ জন মাদকসেবী ও ক্ষুদ্র কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে।’

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।