রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
সোমবার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা ও নির্বাহী কর্মকর্তা কায়সার হাবিবের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেন, উপসহকারী প্রকৌশলী আলেফ আলী, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সহ-সভাপতি নজরুল হুদা, ওয়ালীউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও আবুল কালাম আজাদ সুইটসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অন্য নেতৃবৃন্দ, আইনজীবী এবং জেলা পরিষদের অন্য কর্মকর্তা-কর্মচারীরা।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, ‘কর্মদক্ষতা, ত্যাগ ও আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকার কারণে এবং জেলা পরিষদের উন্নয়ন করতে পারবো মনে করেই আমাকে এ পরিষদের দায়িত্ব দেয়া হয়েছে।’
এ সময় তিনি মন্ত্রী, সংসদ সদস্য, দলীয় নেতৃবৃন্দ ও সর্বোপরি রাজশাহীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলেও উল্লেখ করেন।
পর্যায়ক্রমে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, খাল খনন ও মনি বাজার সংস্কারের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করবেন বলে জানান তিনি।
জেলা পরিষদের আওতাভুক্ত সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং জনগণের সেবা করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন নবনিযুক্ত প্রশাসক।
এর আগে তিনি নগরীর হজরত শাহ মুখদুম রূপোস র.-এর মাজার জিয়ারত করেন।



