ফতুল্লায় পুলিশের ওপর হামলা চালিয়ে ৫ আসামি ছিনতাই

সংবাদ পেয়ে জনির নেতৃত্বে একদল সন্ত্রাসী চাপাতি, রামদাসহ অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ফতুল্লা থানা পুলিশের অপর একটি দল উপ-পরিদর্শক বাশারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা হ্যান্ডকাফ পরিহিত আটক আসামি আব্দুল্লাহসহ বাকিদের ছাড়িয়ে নিতে সক্ষম হয়।

Location :

Narayanganj
পুলিশের ওপর হামলার আগে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামিরা
পুলিশের ওপর হামলার আগে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামিরা |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা

র‍্যাবের ওপর হামলার রেশ কাটতে না কাটতেই নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতার আসামি আবদুল্লাহসহ পাঁচজনকে ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

বুধবার (৬ মে) বিকেল ৪টার দিকে ফতুল্লা মডেল থানার কাশিপুর হাসেম বাগ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সাবেক পুলিশ সদস্য সোলায়মানের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করছিল একদল সন্ত্রাসী। এ সময় ফতুল্লা মডেল থানা পুলিশের সহাকারী উপ-পরিদর্শক আশিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে আসেন। পরে সন্ত্রাসীদের ধাওয়া দিয়ে আব্দুল্লাহ ও তার এক সহযোগীকে আটক করে হ্যান্ডকাফ পরানো হয়। একইসাথে মালামাল বহন করার কাজে নিয়োজিত তিনজনকেও আটক করে পুলিশ।

সংবাদ পেয়ে জনির নেতৃত্বে একদল সন্ত্রাসী চাপাতি, রামদাসহ অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ফতুল্লা থানা পুলিশের অপর একটি দল উপ-পরিদর্শক বাশারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা হ্যান্ডকাফ পরিহিত আটক আসামি আব্দুল্লাহসহ বাকিদের ছাড়িয়ে নিতে সক্ষম হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, হাসেম বাগ এলাকায় স্থানীয় জনি গ্রুপের লোকজন একটি টিনশেড বাড়ি দখলের জন্য হামলা চালিয়ে লুটপাট করছিল। জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় দু’টি ভ্যানগাড়িতে লুটকৃত মালামালসহ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে হামলাকারীরা সঙ্ঘবদ্ধ হয়ে আটকদের ছাড়িয়ে নিয়ে যায়। তবে আটকরা শীর্ষ সন্ত্রাসী কি-না তা জানা নেই। এছাড়া এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়নি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৫ মে) দুপুরে ফতুল্লার মাসদাইর বোয়ালখালি খাল এলাকায় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে তিনজন র‍্যাব সদস্যদের কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হতে না হতেই আজ বুধবার বিকেলে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটল। এ দু’টি ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্কের পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন জেগেছে।