কালুখালীতে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছের ঘেরে থাকা বৈদ্যুতিক লাইন ঠিক করার সময় মোশারফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে মারা যান।

Location :

Kalukhali
মো: মোশারফ খান
মো: মোশারফ খান |নয়া দিগন্ত

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: মোশারফ খান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মোশারফ উপজেলার দুর্গাপুর গ্রামের দবির খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে খাবার খেয়ে মোশারফ তার মাছের ঘেরে যান। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এক অজ্ঞাতপরিচয় পথচারী ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় পানির মধ্যে তাকে পড়ে থাকতে দেখে দুর্গাপুর স্ট্যান্ডে থাকা স্থানীয় লোকজনকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে পানির মধ্যে থেকে মোশারফের লাশ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছের ঘেরে থাকা বৈদ্যুতিক বাল্বের লাইন ঠিক করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে মারা যান।

কালুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘মৃত্যুর সংবাদটা জানতে পেরে লাশটির উদ্ধার কাজ সম্পূর্ণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ঠে মৃত্যু হয়েছে। আরো নিশ্চয়তার জন্য ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে।’