বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে প্রিয় দলের জয়ে আনন্দ-উল্লাস করতে গিয়ে ছাদ থেকে পড়ে দীপ্ত চৌধুরী (২৪) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাত ৩টার দিকে নেত্রকোনা শহরের শহীদ মিনার মোড় এলাকায় সিঙ্গার শোরুমের দোতলার ছাদ থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
দীপ্ত শহরের মালনী রোড এলাকার ব্যবসায়ী বাদল চৌধুরীর একমাত্র ছেলে এবং অনার্সের শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের পর ভোররাতে দোতলার ছাদে অন্য বন্ধুদের সাথে আনন্দ-উল্লাস করেন দীপ্ত। একপর্যায়ে সড়কে বের হওয়া আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিলের ভিডিও করার সময় অসতর্কতাবশত পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। পিডিবির ১১ হাজার ভোল্টের রোড লাইনের তারের ওপর দিয়ে সড়কে আছড়ে পড়ে গুরুতর আহত হন দীপ্ত। পরে সঙ্গীরা তাকে দ্রুত উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল খায়ের জানান, পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



