কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়ার সদর ইউনিয়নে গোগালীছড়া বাধ ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার অংশ হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়।
ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ১৭০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন বলেন, সরকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে দ্রুত সহায়তা পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে। প্রথম ধাপে কুলাউড়া সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ দেড় শতাধিক পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে।
এ সময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজু পাল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, ইউপি সদস্য ছালিক আহমদ, হারুন আহমদ, হাসিনা আক্তার ডলি, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রিপন, কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মতলিব, তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল হাসনু, সাধারণ সম্পাদক উস্তার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে গোগালী ছড়ার প্রায় ১৫০ ফুট বাঁধ ভেঙে কুলাউড়া সদর ইউনিয়নের বাগাজুরা, হাসনপুর, শ্রীপুর, করের গ্রাম, মিনারমহল, সৈয়দপুর, গাজিপুর, পুরন্দপুর, হরিপুর, বড়কাপন, জয়চন্ডী ইউনিয়নের দানাপুর, কামারকান্দি ও লামাগাঁওসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়।
বন্যায় প্রায় ১০০ বিঘা আউশ ও বোরো ধানের ক্ষেত, আউশের বীজতলা ও শতাধিক পুকুর প্লাবিত হয়ে মাছ পানিতে ভেসে যায়।



