কুষ্টিয়ায় সাহাবুল হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের সশ্রম করাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: এনায়েত কবির সরকার তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামাণিকের ছেলে আসাদুল প্রামাণিক ওরফে কালু, আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন, ওমর আলীর ছেলে মিলন ও মাজিরহাট খাঁপাড়া গ্রামের মসলেম মোল্লার ছেলে আবু তাহের।
রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি আবু তাহের পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার মিটন গ্রামের বাসিন্দা সাহাবুল ইসলাম ২০১৯ সালের ২০ অক্টোবর বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাজার করার পর ছেলে সাব্বিরকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর রাতে তিনি নিখোঁজ হন। এক দিন পর বুরাপাড়া প্রাইমারি স্কুলের পিছনের ধইঞ্চা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি খাতুন মিরপুর থানায় দুইজনকে আসামিকে করে মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারের পর পুলিশ জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডে জড়িত আরো দুইজনকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসএম জাবীদ হাসান তদন্ত শেষে করে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ১৯ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন।



