মাগুরা সরকারি চাল বিক্রির সময় ধরা টিসিবি ডিলার

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ডিলার দীর্ঘদিন ধরে টিসিবির বিভিন্ন পণ্য গোপনে বিভিন্ন দোকানে বিক্রি করে আসছিলেন। তারা গরিবের জন্য বরাদ্দকৃত পণ্য আত্মসাতের অভিযোগে ওই ডিলারের ডিলারশিপ বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Location :

Mohammadpur

মাগুরার মহম্মদপুর উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ৪৩৪ কেজি চাল পাচারের সময় একটি ইজিবাইকসহ চাল আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার নাগড়া এলাকার হাটবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাগড়া বাজারের টিসিবি ডিলার বাবু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাবু উপকারভোগীদের মাঝে বিতরণ না করে সরকারিভাবে বরাদ্দকৃত চাল গোপনে বিক্রি করেন। পরে চালগুলো ইজিবাইকে করে অন্যত্র নেয়ার সময় হাটবাড়িয়া বাজার এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা ইজিবাইকটি আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে।

চাল ক্রেতা মাগুরার বাহারবাগ এলাকার মো. ফারুক বিশ্বাস জানান, তিনি বস্তা কিনতে বাজারে গিয়েছিলেন। এ সময় তাকে চাল কেনার প্রস্তাব দেয়া হলে তিনি ৩০ টাকা কেজি দরে চাল কেনেন। তবে এটি টিসিবির সরকারি চাল ছিল বলে তিনি জানতেন না।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ডিলার দীর্ঘদিন ধরে টিসিবির বিভিন্ন পণ্য গোপনে বিভিন্ন দোকানে বিক্রি করে আসছিলেন। তারা গরিবের জন্য বরাদ্দকৃত পণ্য আত্মসাতের অভিযোগে ওই ডিলারের ডিলারশিপ বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযুক্ত ডিলার রফিকুল ইসলাম বাবু চাল বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, “আমি আমার গত মাসের জমাকৃত চাল বিক্রি করেছি।” সরকারি চাল বাইরে বিক্রির নিয়ম আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনেকেই চাল নিতে চান না, সে কারণেই বিক্রি করেছি।”

সরেজমিনে দেখা যায়, ডিলারের ঘরে স্থানীয় জনতা ও পুলিশের উপস্থিতিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সেখানে টিসিবির চালের খালি বস্তা, চিনি ও তেল মজুত অবস্থায় দেখা যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. শাহনুর জামান বলেন, “বিষয়টি আমি অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে ওই ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”