এসএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে ২ পরীক্ষার্থীকে পিটিয়ে আহত

আহত আব্দুল্লাহ ও আইনুল্লাহ জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও চানগাঁও চকপাড়ার বাসিন্দা।

Location :

Netrokona
আহত শিক্ষার্থী
আহত শিক্ষার্থী |নয়া দিগন্ত

মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনায় এসএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে আব্দুল্লাহ ও আইনুল্লাহ নামের দুই এসএসসি পরিক্ষার্থীকে পিটিয়ে আহত করার লিখিত অভিযোগ উঠেছে। আহত আব্দুল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) রাতে আব্দুল্লাহর বাবা মো: শফিকুর রহমান দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আসামি করে মদন থানায় অভিযোগ দেন। এর আগে বুধবার মদন পৌরসদরের পরীক্ষার কেন্দ্র আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত আব্দুল্লাহ ও আইনুল্লাহ জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও চানগাঁও চকপাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সিয়াম একই বিদ্যালয়ের শিক্ষার্থী ও মদন কান্দাপাড়া এলাকার বাসিন্দা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পোস্ট নিয়ে আব্দুল্লাহ ও সিয়ামের মধ্যে তর্কবিতর্ক হয়। ওই বিরোধের জেরে বুধবার সিয়াম তার লোকজন নিয়ে আব্দুল্লাহর ওপর হামলা করে। এ হামলায় আব্দুল্লাহ ও আইনুল্লাহ আহত হয়।

পরে স্থানীয় লোকজন ও সহপাঠীরা তাদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত আব্দুল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক।

আব্দুল্লাহর বাবা শফিকুর রহমান বলেন, ‘আমার ছেলে মাথায় আঘাত পাওয়ায় দুই চোখে ঝাপসা দেখছে। শরীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। ময়মনসিংহ মেডিক্যাল থেকে ঢাকা নিয়ে যাচ্ছি। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।’

অভিযুক্ত সিয়ামের বাবা বাবুল মাস্টার বলেন, ‘কিছুদিন আগে নাকি আমার ছেলেকে ওরা (আব্দুল্লাহসহ কয়েকজন) মারধর করেছিল। সে বিষয়টি আমি আগে জানতাম না। বুধবার তাদের মধ্যে একটু ঝামেলা হয়েছে। ঘটনাটি সমাধানের জন্য আব্দুল্লাহর বাবার সাথে আমি কথা বলেছি।’

মদন থানার ওসি (তদন্ত) অসীম কুমার দাস বলেন, ‘ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’