ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও ফলাফলে গরমিলের অভিযোগ তুলে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু।
এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দেয়ার পাশাপাশি সংবাদ সম্মেলনও করেছেন। শুক্রবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থী অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে একাধিক কেন্দ্রে ভোট গণনার সময় তার এজেন্টদের আপত্তি উপেক্ষা করা হয়েছে।
বিশেষ করে দুর্গাপুর ও কমলাবাড়ী ইউনিয়নের কয়েকটি কেন্দ্রের গণনা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
লিখিত আবেদনে বলা হয়, কিছু কেন্দ্রে ব্যালট গণনার হিসাব সংশ্লিষ্ট ফরমের তথ্যের সঙ্গে মেলেনি। কোথাও বৈধ ভোট ও মোট প্রদত্ত ভোটের সংখ্যায় অসামঞ্জস্য দেখা গেছে, আবার কিছু কেন্দ্রে বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি দেখানো হয়েছে বলে অভিযোগ করা হয়। ফলাফল ঘোষণার আগে ও পরে প্রদত্ত তথ্যের মধ্যেও গরমিল রয়েছে বলে দাবি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন, কেন্দ্রে থাকা তার এজেন্টদের ধানের শীষ প্রতীকের ভোটের বান্ডিল গণনা করতে দেয়া হয়নি। ফলাফল ঘোষণার সময় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর আশ্রয় নেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রার্থীর দাবি, ভোটের আগের দিন থেকে এখন পর্যন্ত তার দলের নেতা-কর্মীদের ওপর হুমকি ও চাপ প্রয়োগ করা হচ্ছে। তবে সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোট পুনর্গণনা হলে প্রকৃত ফলাফল বেরিয়ে আসবে এবং তাতে তার বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আবেদনে নির্দিষ্ট কয়েকটি কেন্দ্রের নাম ও সিরিয়াল উল্লেখ করে সেগুলোর ভোট পুনর্গণনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



