নড়িয়ায় ৯৫টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মোক্তারচর ইউনিয়নের পোড়াগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মো: বোরহান উদ্দিন রব্বানী, শরীয়তপুর

Location :

Naria
আটক ব্যক্তি
আটক ব্যক্তি |নয়া দিগন্ত

শরীয়তপুরের নড়িয়ায় ৯৫টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মোক্তারচর ইউনিয়নের পোড়াগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নড়িয়া থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১টা ৫৫ মিনিট থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত পোড়াগাছা এলাকার বেপারীকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। অভিযানে নাসির উদ্দিন বাচ্চু পেদার বসতঘর তল্লাশি চালিয়ে চার বালতি ককটেল উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক বাচ্চু পেদার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির পাশের একটি মসজিদের পাশের কক্ষ থেকে চার বালতি এবং একই বাড়ির আরেকটি ঘর থেকে আরো চার বালতিতে থাকা মোট ৯৫টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়া আটটি টেঁটা ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। এ সময় নাসির উদ্দিন বাচ্চু পেদা (৫৫), খলিল পেদার ছেলে মেহেদী হাসান পেদা (৩০) ও রনি পেদাকে (২৫) আটক করে যৌথবাহিনী। উদ্ধারকৃত ককটেল, দেশীয় অস্ত্র ও আটক ব্যক্তিদের আজ সকালে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাহার মিয়া জানান, এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।