ঝিনাইদহের কালীগঞ্জে মিথ্যা অপবাদ দিয়ে বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, কালীগঞ্জ শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছাড়াও হামলার শিকার শিক্ষক শাহ আলমের স্ত্রী ও সন্তান অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কালীগঞ্জ শাখার সভাপতি নিহার সুলতানা, সাধারণ সম্পাদক আলী মুজতবা রেজা ফিটু, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, আবু তাহে টিটো, সাখাওয়াৎ হোসেন ও মতিউর রহমানসহ শিক্ষক নেতারা।
বক্তারা বলেন, শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়নের মিথ্যা অভিযোগ তুলে শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে মব সৃষ্টি করা হয় এবং তার সন্তানের সামনে হামলা চালানো হয়েছে। বিদ্যালয়ে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষক শাহ আলমমের ওপর হামলার চালিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
তারা আরো বলেন, গুরুতর আহত শিক্ষক শাহ আলম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। একজন শিক্ষকের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষক নেতারা।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট স্থানীয় কয়েকজন ব্যক্তি উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে তার ওপর হামলা চালান। তবে শিক্ষক ও তার পরিবারের সদস্যদের দাবি, শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়নের কোনো ঘটনা ঘটেনি। বিদ্যালয়ের পুকুর লিজের টাকা নিয়ে বিরোধের জেরেই শিক্ষক শাহ আলমের ওপর হামলা চালানো হয়েছে।



