লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে চালকের দ্রুত সিদ্ধান্ত এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
রোববার (৩ মে) হাতীবান্ধা রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।
পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি কমিউটার ট্রেন স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পরই ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সেখানে আগুনের শিখা দেখা যায়।
পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকে তড়িঘড়ি করে ট্রেন থেকে নেমে নিরাপদে সরে যান।
পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চলন্ত অবস্থায় চাকার অতিরিক্ত ঘর্ষণের কারণে তাপ সৃষ্টি হয়ে ইঞ্জিনের মবিল চেম্বারে আগুন লেগে থাকতে পারে।
এ ঘটনার কারণে ওই রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। ঘটনাটি নিয়ে রেল কর্তৃপক্ষ তদন্ত করছে।



