ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের অবরোধ

ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে একটি হার্ডওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠানের সামনের মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এতে মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।

মো: শাহানুর ইসলাম, মানিকগঞ্জ

Location :

Manikganj
মহাসড়কে বিক্ষোভরত শ্রমিকরা
মহাসড়কে বিক্ষোভরত শ্রমিকরা |নয়া দিগন্ত

মানিকগঞ্জের শিবালয়ে একটি চায়না মালিকানাধীন প্রতিষ্ঠানের শতাধিক শ্রমিক ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রী, পরিবহন শ্রমিক এবং পণ্যবাহী যানবাহনের চালকরা।

বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার নবগ্রাম এলাকায় অবস্থিত একটি হার্ডওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠানের সামনের মহাসড়কে শ্রমিকরা অবস্থান নেন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

এসময় বিক্ষোভরত শ্রমিকরা নানা স্লোগান দিতে থাকেন। তাদের হাতে বিভিন্ন দাবি-সংবলিত ব্যানার ও ফেস্টুন ছিল।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন সরকার নির্ধারিত গেজেট অনুযায়ী বেতন দেয়া হচ্ছে না। পাশাপাশি কর্মপরিবেশ ও শ্রমিকবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত না হওয়ায় তারা বারবার কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো কার্যকর সমাধান পাননি। বাধ্য হয়েই তারা মহাসড়কে নেমে আন্দোলন করছেন বলে জানান।

এদিকে, সড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত যানবাহন এমনকি জরুরি সেবার অ্যাম্বুলেন্সও দীর্ঘ সময় আটকে পড়ে। প্রচণ্ড গরমে যাত্রীদের দুর্ভোগ ব্যাপক বেড়ে গেছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বেলা পৌনে ১২টার দিকে জানান, শ্রমিকরা তাদের বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকদের সাথে আলোচনা চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।