মুন্সিগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ২০ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। তৃণমূলের মতামত উপেক্ষা করে দলীয় প্রার্থী মনোনয়ন ও দলের নেতাদের দল থেকে বহিষ্কারের প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন বলে জানা যায়। পদত্যাগ করা ছাত্রদল নেতারা সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো: মহিউদ্দিনের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে গজারিয়া উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা বলেন, তারা দলীয় পদ থেকে সরে দাঁড়ালেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শ থেকে বিচ্যুত হননি। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারা মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো: মহিউদ্দিনের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন। প্রয়োজন হলে ভবিষ্যতে আবারো দলে ফিরবেন বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতাদের মধ্যে ছাত্রদলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন সরকার মিশু, ভবেরচর ইউনিয়ন সভাপতি মাসুদ রানা শিকদার, বালুয়াকান্দি ইউনিয়ন সভাপতি নোমান বিল্লাহ বাবু, ইমামপুর ইউনিয়ন সভাপতি বাঘ মাসুদ, টেংগারচর ইউনিয়ন সভাপতি চঞ্চল শেখ, বাউশিয়া ইউনিয়ন সভাপতি শহীদ জিয়া, গজারিয়া ইউনিয়ন সভাপতি সালমান ও সাধারণ সম্পাদক সিরাজ সরকারসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন সরকার মিশু বলেন, ‘মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তৃণমূল নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দেয়া হয়নি। জনপ্রিয় ও ত্যাগী নেতা মো: মহিউদ্দিনকে মনোনয়ন না দিয়ে অন্য একজনকে মনোনয়ন দেয়া হয়েছে। এতে তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ।’
তিনি বলেন, ‘মহিউদ্দিনের পক্ষে অবস্থান নেয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীকে বহিষ্কার করা হচ্ছে, যা সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। এসব কারণে আমরা দলীয় পদ থেকে সরে দাঁড়িয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’
উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সদস্য সচিব নাদিম মাহমুদ অপু বলেন, ‘তৃণমূলকে উপেক্ষা করে মনোনয়ন দেয়ার প্রতিবাদ করায় আমাকে বহিষ্কার করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে যাকে পাশে পেয়েছি, সেই মহিউদ্দিনকে ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাকে বিজয়ী করতে আমরা মাঠে থাকব ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। তবে, মনোনয়ন প্রত্যাশী হিসেবে জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো: মহিউদ্দিন শক্ত অবস্থান তৈরি করেছিলেন। মনোনয়ন পরিবর্তনের দাবিতে আন্দোলনের পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরে কেন্দ্রের সিদ্ধান্তে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
পরে, মহিউদ্দিনের পক্ষে নির্বাচনে কাজ করার অভিযোগে উপজেলা পর্যায়ের একাধিক নেতাকর্মীকে কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করা হয়েছে।
তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, এভাবে ভিন্নমত দমনের চেষ্টা বিএনপির সাংগঠনিক ঐক্যের জন্য অশনিসংকেত।



