জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাস থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক হয়ে বিশ্ববিদ্যালয় মোড় প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এরপরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এর আগে, একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এরপর পুষ্পমাল্য অর্পণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন ভয়েস’।
এছাড়া শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সিএসই বিভাগ, গণিত বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, সমাজকর্ম বিভাগ, ফিশারিজ বিভাগ, ইইই বিভাগ, জিওলজি বিভাগ, ছাত্র ও ছাত্রী হল, সনাতন বিদ্যার্থী সংসদ ও সবুজ স্বপ্ন সংগঠন।
শ্রদ্ধাঞ্জলি শেষে প্রশাসনিক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান, প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নুর হোসেন চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।



