মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামের এক স্বর্ণকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা ছয় ভরি সোনা ও সাত লাখ টাকা লুট করে নেয় তারা।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার দুলালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অলিফ মহাদেবপুর উপজেলার দুলালপাড়া গ্রামের পরলোকগত সুনিল চন্দ্র দত্তের ছেলে।
জানা গেছে, সোমবার রাত সোয়া ৮টার দিকে মহাদেবপুর বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন অলিফ চন্দ্র দত্ত। বাড়ির গলিতে পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কাছে থাকা ছয় ভরি সোনা এবং সাত লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে চিৎকার করলে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুরে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে তাকে আক্রমণ করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। রাজপাড়া থানার পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করছে।’
এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।



