সিলেটে আবারো আগ্নোয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে র্যাব-৯। রোববার (১ ফেব্রুয়ারী) এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এর আগে, শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল কোম্পানীগঞ্জ থানাধীন পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ী এলাকার একটি পরিত্যক্ত ভবনে তল্লাশি চালিয়ে একটি শপিং ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রীর মধ্যে রয়েছে— একটি বিদেশী ৯ মিলিমিটার রিভলভার, তিনটি নন-ইলেকট্রিক ডেটোনেটর, একটি সেফটি ফিউজ, তিনটি পাওয়ার জেল ও পাঁচটি শটগানের কার্তুজ।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া নন-ইলেকট্রিক ডেটোনেটর ও পাওয়ার জেল উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। তবে অভিযানের সময় এসব আলামতের সাথে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত এসব আলামত নাশকতামূলক কাজে ব্যবহারের আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী জিডিমূলে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একইসাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে র্যাব-৯ সূত্রে জানানো হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত র্যাব-৯-এর দায়িত্বপূর্ণ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৪১টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ছয়টি ম্যাগজিন, ১৩ হাজার ৫২৫ গ্রাম বিস্ফোরক, ৭৯টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা, ১১টি ককটেল, বিপুল পরিমাণ এয়ারগানের গুলি ও ১০৪টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
এদিকে আগের দিন শুক্রবার (৩০ জানুযারি) রাতে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার কানাইঘাট থানাধীন দিঘিরপাড় ইউনিয়নের কুয়োরের মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত তিনতলা ভবনের ভেতর থেকে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করে।
তারও একদিন আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় র্যাব-৯-এর একটি আভিযানিক দল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন এলাকায় বনবিভাগের পরিত্যক্ত একটি ভবনের নিচে একটি অব্যবহৃত সেফটি ট্যাংকের ভেতরে শপিং ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি পাওয়ার জেল ও আটটি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করে।



