ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অন্তত ২০ জন।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজি দিঘী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন কিশোরই উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল গ্রামের বাসিন্দা যোগেজ উড়াংয়ের ছেলে উত্তম উড়াং (১৭), রাম উড়াংয়ের ছেলে নয়ন উড়াং (১৭) ও তপন উড়াংয়ের ছেলে তপু উড়াং (১৭)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার বাসটি মানিকছড়িতে একটি সামাজিক অনুষ্ঠান শেষে চট্টগ্রামের বোয়ালখালীর দিকে যাচ্ছিল। পেলাগাজি দিঘী মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সাথে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহত উত্তমের বাবা যোগেজ উড়াং জানান, স্কুল-কলেজ বন্ধ থাকায় পড়াশোনার পাশাপাশি তারা তিন বন্ধু মিলে রাজমিস্ত্রির সহকারীর (যোগালি) কাজ করত। সারাদিনের হাড়ভাঙা খাটুনি শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথেই লাশ হয়ে ফিরতে হলো তাদের।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: মেহেদী জানান, এ দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১৭ জনের মধ্যে নয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।



