দেবীগঞ্জে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৩০ জন অসচ্ছল কর্মক্ষম নারীর মধ্যে ৩০টি সেলাই মেশিন এবং সুন্দরদিঘী ইউনিয়নের ফুলবাড়ী প্রতিভা ফুটবল একাডেমির জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের দেবীগঞ্জে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬  উদ্বোধন করেন  পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
পঞ্চগড়ের দেবীগঞ্জে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ |নয়া দিগন্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলার উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধনের পর প্রতিমন্ত্রী বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। তিনি জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিতে নতুন প্রযুক্তির ব্যবহারসংক্রান্ত বিভিন্ন উদ্ভাবন ঘুরে দেখেন এবং কৃষকদের সাথে মতবিনিময় করেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রঞ্জন রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের অতিরিক্ত উপপরিচালক সাইফুল ইসলাম, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া এবং দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৩০ জন অসচ্ছল কর্মক্ষম নারীর মধ্যে ৩০টি সেলাই মেশিন এবং সুন্দরদিঘী ইউনিয়নের ফুলবাড়ী প্রতিভা ফুটবল একাডেমির জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া পঞ্চগড় জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১০ জন মেধাবী ও অসচ্ছল ছাত্রীর মধ্যে ১০টি বাইসাইকেল, ৩৩ জন কর্মক্ষম নারীর মধ্যে ৩৩টি সেলাই মেশিন, দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় ও দেবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) মধ্যে ৩৩টি রক্তচাপ পরিমাপক (বিপি) মেশিন বিতরণ করা হয়।

মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।