বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে হুমকি দেয়া বাঁশখালীর চাম্বল ইউপির সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের মামলায় তাকে কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: রেজাউল করিম রণি জানান, মুজিবুল হক চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণভাবে ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখেন যা আইনত দণ্ডনীয় অপরাধ। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় ৭ বছরের কারাদণ্ড ও ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো ১ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার নথি থেকে জানা যায়, মুজিবুল হক চৌধুরী তার আয়কর নথিতে প্রদর্শিত আয়ের তুলনায় অতিরিক্ত সম্পদ অর্জন করেছেন। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তার মোট অর্জিত সম্পদ ও ব্যয়ের পরিমাণ ১ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ৮৩২ টাকা হলেও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ১ কোটি ২১ লাখ ২৭ হাজার ৮১৮ টাকা। এতে ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।
২০২৩ সালের ২৮ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হলে ২০২৫ সালের ৩ জুলাই অভিযোগ গঠন করে আদালত বিচার শুরুর আদেশ দেন।
উল্লেখ্য, মুজিবুল হক চৌধুরী বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে হুমকি দিয়ে তিনি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন।
এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতি নিয়ে সক্রিয় আছেন।



