নওগাঁয় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আবদুস ছাত্তার (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে নওগাঁ শহরের কেডির মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
তিনি শহরের মুক্তির মোড় চক্ষু হাসপাতালের পাশের বাসিন্দা ছিলেন। নওগাঁ সিভিল সার্জন অফিসে এবং পরবর্তীতে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ক্যাশ শাখায় দায়িত্ব পালন করে কয়েক বছর আগে অবসরে যান।
জানা যায়, বাইরে কাজ শেষে তিনি বাসায় ফিরছিলেন। এ সময় হঠাৎ করেই মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবদুস ছাত্তার গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



