ময়মনসিংহ জেলার নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রস্তাবিত সদর দফতরের স্থান উস্থি ইউনিয়নের নয়াবাড়ি মৌজা পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার প্রাচীন জনপদ কান্দিপাড়া বাজার সংলগ্ন নয়াবাড়ি মৌজা পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনারের ইতিবাচক আশ্বাসে আনন্দ উল্লাসে মেতে উঠেন আট ইউনিয়নের হাজারো মানুষ।
পরিদর্শনে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো: সাইফুর রহমান, গফরগাঁও উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইউসুফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনিসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।
এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম আনছার উদ্দিন, গফরগাঁও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা মনিরুল ইসলাম চমক ফকির, বিএনপি নেতা আব্দুস ছালাম বেপারী, জাহিদ হাসান স্বপন, পাগলা থানা জাসাসের আহ্বায়ক মো: নাসির উদ্দিনসহ আরো অনেকেই।
এদিকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের আগমনের খবরে বৃহস্পতিবার ভোর থেকেই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নয়াবাড়ি স্থানে জড়ো হন দক্ষিণ গফরগাঁওয়ের আটটি ইউনিয়নের হাজার হাজার মানুষ। তাদের হাতে ছিল ‘গেজেট হইছে যেইখানে, উপজেলা হবে সেইখানে’ লেখা ব্যানার-ফেস্টুন।
ঘণ্টাব্যাপী সময় ধরে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির প্রস্তাবিত স্থানের ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, আশপাশের পরিবেশ ও ভবিষ্যতে সরকারি স্থাপনা নির্মাণের সম্ভাব্যতা যাচাই করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিভাগীয় কমিশনারের কাছে তাদের দীর্ঘদিনের দাবি তুলে ধরে বলেন, সরকারি গেজেট অনুযায়ী উপজেলা সদর দফতর হলে আট ইউনিয়নের লাখো মানুষ খুব সহজেই প্রশাসনিক সেবা পাবেন।
নয়াবাড়ি মৌজা পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির স্থানীয় জনগণদের উদ্দেশে বলেন, ‘আপনাদের দাবি ও এলাকার বাস্তবতা আমি নিজ চোখে দেখেছি। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়া হবে।’
এই ঘোষণার সাথে সাথেই আনন্দ মিছিল বের করেন উপস্থিত হাজার হাজার নারী-পুরুষ।
স্থানীয় জনগণদের মতে, নয়াবাড়ি মৌজা দক্ষিণ গফরগাঁওয়ের প্রাণকেন্দ্র। এখানে উপজেলা সদর দফতর হলে আটটি ইউনিয়নের মানুষ সমান দূরত্বে প্রশাসনিক সেবা পাবে। সেইসাথে বর্তমানে গফরগাঁও উপজেলা সদরে কাজের জন্য যেতে যে ভোগান্তি হয়, তা থেকে মুক্তি মিলবে।
তাই উপস্থিত জনগণ দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার জোর দাবি জানান।



