রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, জরিমানা

দীর্ঘদিন ধরে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে আসছিলেন মহিউদ্দীন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

ঝালকাঠির রাজাপুরে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে মো: মহিউদ্দীন ভান্ডারী নামে এক ওষুধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের হরিসভা মন্দির সড়কে অবস্থিত মেসার্স ময়না মেডিক্যাল হলে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত মহিউদ্দীন উপজেলার সদর ইউনিয়নের মনোহরপুর এলাকার মরহুম মোবারক ফকিরের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে আসছিলেন মহিউদ্দীন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার ও ওষুধ বিক্রয় সংক্রান্ত বিধি লঙ্ঘনের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত মহিউদ্দীন বলেন, ‘আমি প্রশিক্ষণপ্রাপ্ত একজন কবিরাজি চিকিৎসক। রোগী দেখাসহ ওষুধ দেয়ার অনুমতি রয়েছে আমার। আমার সব ধরনের বৈধ কাগজপত্র রয়েছে। তারপরও কেনো আমাকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে, তা আমি বুঝতে পারছি না।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি বলেন, ‘চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’