কলাপাড়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে সালিশ

যুবককে ৫০টি জুতাপেটা, ৫ হাজার টাকা জরিমানা

মঙ্গলবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামে এ ঘটনা ঘটে। পরে জনসম্মুখে অভিযুক্তকে ৫০টি জুতার আঘাত দিয়ে সালিশের রায় কার্যকর করা হয়।

Location :

Kalapara
কলাপাড়ার দশকানি গ্রামের এ বিদ্যালয়ে সালিশ বৈঠক বসে
কলাপাড়ার দশকানি গ্রামের এ বিদ্যালয়ে সালিশ বৈঠক বসে |নয়া দিগন্ত

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে রিপন (৩৫) নামে এক ভ্যানচালককে সালিশ বৈঠকের মাধ্যমে ৫০টি জুতাপেটা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয়ভাবে আয়োজিত ওই সালিশ বৈঠকে বিচারকের দায়িত্ব পালন করেন দশকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েদ উদ্দিন নান্নু তালুকদার।

মঙ্গলবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামে এ ঘটনা ঘটে। পরে জনসম্মুখে অভিযুক্তকে ৫০টি জুতার আঘাত দিয়ে সালিশের রায় কার্যকর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায়দশকানি গ্রামের একটি বাড়িতে ইফতারের আয়োজন ছিল। চারিপাড়া গ্রামের বাসিন্দা রিপন ওই দাওয়াতে অংশ নিতে সেখানে যান। এক পর্যায়ে আত্মীয়তার সূত্র ধরে তিনি ওই বাড়ির চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর ঘরে প্রবেশ করেন এবং তাকে জাপটে ধরে অন্ধকার স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় শিক্ষার্থীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রিপনকে আটক করে।

পরে রাতে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে অভিযুক্ত রিপনকে ৫০ জুতার আঘাত ও ৫ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি উপস্থিত জনতার সামনে তাকে জুতার আঘাত করে রায় কার্যকর করেন।

একটি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালিশের মাধ্যমে এমন সিদ্ধান্ত দেয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত ও সালিশ সংশ্লিষ্টরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় অনেকেই প্রকাশ্যে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে দশকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েদ উদ্দিন নান্নু তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।