১১ দলীয় জোট ক্ষমতায় গেলে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আকাঙ্ক্ষার ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
রোববার (১ ফেব্রুয়ারী) রাতে রংপুরের কাউনিয়া বালিকা মডেল স্কুল মাঠে রংপুর-৪ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী আখতারের নির্বাচনী পদযাত্রার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাউনিয়া উপজেলা জামায়াত আমির আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমীন, শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপিরি যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন প্রমুখ।
আব্দুল হালিম বলেন, ‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে আল্লামা সাঈদীর আকাঙ্ক্ষার ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।’
তিনি অভিযোগ করেন, ‘ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করে নারীবিদ্বেষী পোস্ট করা হয়েছে, যে মুহূর্তে ঢাকায় জাময়াত আমির তিনজনের হাতে দাঁড়িপাল্লা এবং দু’জন নারীর হাতে শাপলা কলি তুলে দিয়েছেন। ঠিক তখনই এই ষড়যন্ত্র করা হয়েছে। দেশের মানুষ এই ষড়যন্ত্র বুঝে গেছে। জামায়াতসহ ১১ দলীয় জোট নারীর অধিকার এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।’
এর আগে আসিফ মাহমুদ জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাত করেন। আর হাসনাত আব্দুল্লাহ হারাগাছসহ বিভিন্ন এলাকায় পদযাত্রা করে শাপলা কলির পক্ষে ভোট চান। পরে পীরগাছায় আখতারের নির্বাচনী জনসভায়ে যোগ দেন এনসিপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।



