ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চালককে গুলি করে সৌদি ফেরত প্রবাসী দেলোয়ার হোসেনের গাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়ন আষাড়িয়ারচর ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
ডাকাতরা পাসপোর্ট, মোবাইল ফোন ও সৌদি রিয়েলসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। গুলিবিদ্ধ আহত চালক মো: ফিরোজ মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, চাঁদপুর জেলার সদর উপজেলার পূর্ব জাফরাবাদ গ্রামের গাজী হাসান আলীর ছেলে সৌদি আরব প্রবাসী মো: দেলোয়ার হোসেন মঙ্গলবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চাঁদপুর ফিরছিলেন। পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে আষাড়িয়ারচর ব্রিজের ওপর তাকে বহনকারী নোহা গাড়ি পৌছালে পেছন দিক থেকে ৪টি মোটরসাইকেল ও একটি প্রবক্স গাড়িযোগে অজ্ঞাতনামা ১০-১২ জনের ডাকাত দল প্রবাসীর নোহা (ঢাকা মেট্রো চ-১৫-৯৯৭৮) গাড়ির গতিরোধ করে।
এক পর্যায়ে নোহার চালকের সাথে ডাকাত দলের ধ্বস্তাধস্তি হয়। পরে ডাকাত দলের এক সদস্য চালক ফিরোজ মিয়ার ডান হাতে এক রাউন্ড গুলি করে পাসপোর্ট, মোবাইল ফোন, সৌদি রিয়েল ও বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়।
আহত ফিরোজ মিয়া ভোলার তজুমুদ্দিন থানার চাষাড়া গ্রামের আব্দুল কাদেরর ছেলে। পরে গুলিবিদ্ধ চালককে স্থানীয় পথচারীদের সহযোগিতায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সোনারগাঁও থানার ওসি মো: মুহিববুল্লাহ বলেন, ‘সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি সংগঠিত করার চেষ্টাকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এতে তারা ডাকাতি সংগঠিত করতে ব্যর্থ হয়েছে। তবে প্রবাসীর গাড়ির চালক আহত হয়েছে এবং তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাকাতরা ব্যর্থ হয়েছে।’



