নাজিরপুরে নারীকে মারধরের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি নির্জন বাগানে এক নারীকে ধরে টানাহেঁচড়া ও চড়-থাপ্পড় মারছেন ছাত্রদল নেতা মুন্না। এ সময় ওই নারী নিজেকে রক্ষা করার চেষ্টা করেন।

Location :

Nazirpur
নাজিরপুরে বহিষ্কৃত ছাত্রদল নেতা মুন্না
নাজিরপুরে বহিষ্কৃত ছাত্রদল নেতা মুন্না |নয়া দিগন্ত

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মুন্নার বিরুদ্ধে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে অভিযুক্ত মুন্না ওই নারীকে তার স্ত্রী বলে দাবি করেছেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি নির্জন বাগানে এক নারীকে ধরে টানাহেঁচড়া ও চড়-থাপ্পড় মারছেন ছাত্রদল নেতা মুন্না। এ সময় ওই নারী নিজেকে রক্ষা করার চেষ্টা করেন।

এ বিষয়ে আরিফুল ইসলাম মুন্না মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, “ওই মেয়ে আমার স্ত্রী। নির্জন স্থানে বসে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি তাকে চড়-থাপ্পড় দিই।”

এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর ওই ছাত্রদল নেতাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাজিরপুর উপজেলার মাটিভাংগা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মুন্নাকে প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহীনের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।