দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ইনসাফভিত্তিক দেশ গড়তে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে গফরগাঁও উপজেলার পাগলা বাজার ঈদগাহ মাঠে পাগলা থানা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় এসব মন্তব্য করেন তিনি।
জনসভায় মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, ‘সারাদেশের মানুষের মধ্যে একটি পরিবর্তনের সুর উঠেছে। মানুষ চায় সৎ, যোগ্য ও আদর্শবান ব্যক্তিকে নির্বাচিত করতে। মানুষ চায় এখন সুস্থ মানসিকতার রাজনীতি।’
এ সময় ভোটকেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান তিনি এবং দাঁড়িপাল্লা প্রতীকেও ভোট চান।
পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, পাগলা থানা জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমেদ ফরাজি, ডাকসুর পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব অধ্যক্ষ একরাম উল্লাহ, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল আনসারীসহ ১১ দলীয় জোটের নেতারা।



