জীবননগরে টাকা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৫

বসতঘর থেকে নয় হাজার টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের দুই নারীসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Jibannagar
সংঘর্ষ
সংঘর্ষ |প্রতীকী

চুয়াডাঙ্গার জীবননগরে বসতঘর থেকে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের দুই নারীসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের পুরাতন চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই গ্রামের আরিফুল ইসলাম (৪২), তার বাবা আব্দুল মান্নান, মা ছামিরন খাতুন ও স্ত্রী রাবেয়া খাতুনসহ আরো একজন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি তাদের বসতঘর থেকে নয় হাজার টাকা চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সাথে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় একই গ্রামের হাসান আলী (৩৫), তার বাবা আব্দুল হান্নান (৫৫) ও আব্দুল হান্নানের স্ত্রী শুকুরজান বেগমসহ কয়েকজন লাঠিসোঁটা, দা ও হাসুয়া নিয়ে আরিফুলের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা প্রকাশ্যে হুমকি-ধামকি দিতে থাকেন এবং একপর্যায়ে আরিফুলের ওপর হামলা চালান। অভিযুক্ত হাসান আলী তার হাতে থাকা লোহার রড দিয়ে আরিফুলকে মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় আরিফুলের বাবা আব্দুল মান্নান ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা তার ওপরও আক্রমণ চালায়।

অভিযোগ রয়েছে, হাসান আলী লোহার রড দিয়ে আব্দুল মান্নানের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আব্দুল হান্নান কাঠের বাটাম দিয়ে তার মাথা, পিঠ ও বাম হাতে একাধিক আঘাত করে বলে স্থানীয়রা জানান।

এদিকে হামলার সময় শুকুরজান বেগম লাঠি দিয়ে আরিফুলের মা ছামিরন খাতুন ও স্ত্রী রাবেয়া খাতুনকে মারধর করেন বলেও অভিযোগ উঠেছে। হামলার সময় ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। প্রতিবেশী শাহিন উদ্দিন, আমান উল্লাহ ও আলামিনসহ এলাকার আরো কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করেন। পরে আহত আরিফুল ও আব্দুল মান্নানকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। তবে শনিবার সন্ধ্যায় তা সহিংসতায় রূপ নেয়।

রায়পুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহতরা বর্তমানে জীবননগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।’

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।