সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে প্রশাসন।
বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ-নলকা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম।
জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই কর্মসূচির মাধ্যমে সরকারের পরিবেশবান্ধব উদ্যোগ আরও একধাপ এগিয়ে গেলো।
বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার জন্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সড়কের দু’পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানোর মাধ্যমে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, তেমনি এটি ভবিষ্যতে অর্থনৈতিকভাবেও লাভজনক হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



