বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সাথে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বাউবির কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বাউবি পরিবারের পক্ষ থেকে ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর ভিসি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়ে অংশ নেন।
ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান তার বক্তব্যে বাউবির ভিসি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেয়ায় মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাউবি সম্পর্কে ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাউবিকে আধুনিক ও আন্তর্জাতিক মানে রূপান্তরে গবেষণাভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করতে হবে।
তিনি মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের
আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দূরশিক্ষণের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান চর্চার কেন্দ্র নয়, এটি একটি সুসংগঠিত প্রশাসনিক কাঠামোর ওপর দাঁড়িয়ে থাকা প্রাণবন্ত প্রতিষ্ঠান। শিক্ষক ও কর্মকর্তাদের দায়িত্ব ও নিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা সম্ভব।
তিনি আরো বলেন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, ডিজিটাল লার্নিংয়ের উন্নয়ন, আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠ্যক্রম প্রণয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধি আমার অগ্রাধিকার।
নবাগত বাউবি ভিসি বলেন, পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয়, পারস্পরিক সম্মান ও দায়িত্ববোধ নিশ্চিত করতে হবে। এ ধারা আরো শক্তিশালী করতে গবেষণাভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক তানভীর আহসান, ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ড. আদনান আরিফ সালিম, প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ বিভাগের পরিচালক মোহাম্মদ আলী ও কর্মচারী হুমায়ন কবির বাদশা।
এর আগে নবাগত ভিসি বাউবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রথমে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে জুলাই জাগরনী স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বাউবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি এম আহমেদ হুসেইনের উপস্থাপনায় মতবিনিময় সভায় বিভিন্ন স্কুলের ডিন, বিভাগের পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া আঞ্চলিক প্রধান ও উপআঞ্চলিক প্রধানগণ ভার্চুয়ালি সংযুক্ত থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।



