নবীনগরে প্রকৌশলীকে মারধরের মামলায় ঠিকাদারের গাড়িচালক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়কের নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় উপ-সহকারী প্রকৌশলীকে মারধর ও বাঁশ নিয়ে ধাওয়া করার মামলায় বিল্লাল হোসেন নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nabinagar
বাঁশ হাতে এলজিইডির উপসহকারী প্রকৌশলীকে তাড়া করেন ঠিকাদার লোকমান হোসেন
বাঁশ হাতে এলজিইডির উপসহকারী প্রকৌশলীকে তাড়া করেন ঠিকাদার লোকমান হোসেন |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়কের নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় উপ-সহকারী প্রকৌশলীকে মারধর ও বাঁশ নিয়ে ধাওয়া করার মামলায় বিল্লাল হোসেন নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে র‍্যাব-৯ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বিল্লাল হোসেন ঠিকাদারের গাড়িচালক ও মামলার দুই নম্বর আসামি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনায় দায়ের করা মামলায় ঠিকাদারের ম্যানেজার ফোরকান মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় দায়ের করা মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সোমবার দুপুরে নবীনগরে উপজেলার শিবপুর বাজারে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে পরিদর্শনে গেলে উপসহকারী প্রকৌশলীকে মারধর ও ধাওয়া করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ‍উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলাম ওই দিন সন্ধ্যায় নবীনগর থানায় মামলা করেন।

মামলায় জেলা শহরের ছয়বাড়িয়ার বাসিন্দা মেসার্স লোকমান হোসেনের স্বত্বাধিকারী ঠিকাদার লোকমান হোসেন (৫০) ও তার গাড়ির চালক নবীনগরের নারুই গ্রামের মো: বিল্লাল হোসেনসহ (৫৫) অজ্ঞাতনামা আরো তিন-চারজনকে আসামির করা হয়েছে।

নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ দৈনিক নয়া দিগন্তকে বলেন, এ ঘটনায় ঠিকাদারের গাড়ির ড্রাইভার বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।