বুড়িচংয়ে ইলেক্ট্রিক করাতে গলা কেটে শ্রমিক নিহত

উপজেলার পৌরসভার জগতপুর গ্রামের জগতপুর পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
কুমিল্লার ম্যাপ
কুমিল্লার ম্যাপ |ফাইল ছবি

কুমিল্লার বুড়িচংয়ে গাছ কাটতে গিয়ে ইলেক্ট্রিক করাতের আঘাতে গলা কেটে মো: মোস্তাক মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২ মে) বেলা ১১টার দিকে উপজেলার পৌরসভার জগতপুর গ্রামের জগতপুর পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মোস্তাক ওই গ্রামের আবদুস ছামাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জগতপুর গ্রামের কনু মিয়া একই গ্রামের জসিম, সুমন ও মোস্তাক মিয়াকে চুক্তি ভিত্তিক জগতপুর পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটতে নিয়ে যান। তারা ইলেক্ট্রিক করাত দিয়ে গাছ কাটার একপর্যায়ে করাতের আঘাতে মোস্তাকের গলা কেটে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিওটি ডাক্তার মো: জাহিদ হাসান বলেন, ‘করাতের আঘাতে গলার বেশিরভাগ অংশ কেটে রক্তক্ষরণ হয়ে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।’

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লুৎফুর রহমান বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশ দেখেছি। ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’