ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে মুন্সীগঞ্জের তিনটি আসনের কমপক্ষে আটজন প্রার্থী এক-অষ্টমাংশ ভোটের শর্ত পূরণ করতে না পেরে জামানত হারিয়েছেন। সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে জামানত হারিয়েছেন দুই প্রার্থী। রোকেয়া আক্তার পেয়েছেন ৩২০ ভোট এবং আব্দুর রহমান পেয়েছেন ৪৪৩ ভোট। স্বল্প ভোট পাওয়ায় তারা নির্ধারিত সীমা অতিক্রম করতে পারেননি।
মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে জামানত হারিয়েছেন দু’জন। আসিক মাহমুদ পেয়েছেন ৬৫১ ভোট এবং মো: নোমান মিয়া পেয়েছেন দুই হাজার ৮৫৭ ভোট। প্রধান প্রতিদ্বন্দ্বিতার বাইরে থাকায় তারা উল্লেখযোগ্য ভোট সংগ্রহে ব্যর্থ হন।
মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে জামানত হারিয়েছেন চার প্রার্থী। শেখ মো: কামাল পেয়েছেন ৩০৪ ভোট, শেখ মো: শিমুল পেয়েছেন ১৭৪ ভোট, আরিফুজ্জামান দিদার পেয়েছেন ৮০৪ ভোট এবং আনিছ মোল্লা পেয়েছেন ২৯৪ ভোট। এ আসনে একই পরিবারের দুই ভাই শেখ মো: কামাল ও শেখ মো: শিমুলের স্বল্প ভোট পাওয়া নিয়ে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।
নির্বাচন বিশ্লেষকদের মতে, তিন আসনেই মূল লড়াই সীমাবদ্ধ ছিল বড় দলগুলোর মধ্যে। ফলে ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা কাঙ্ক্ষিত সমর্থন পাননি এবং শেষ পর্যন্ত জামানত হারাতে হয়েছে।



