কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় মাদকাসক্ত ছেলের বেধড়ক মারধরে আব্দুল আলিম সেনু (৬০) নামে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন।
শনিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার বড় আলমপুর গ্রামের কুশাগাজী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাদকাসক্ত ছেলে নাজমুল হাসান রাসেল (৩৫) পলাতক রয়েছেন।
নিহত আব্দুল আলিম সেনু ওই গ্রামের মরহুম আকমত আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক। এক সময় বাজারের নাইট গার্ড হিসেবে দায়িত্ব পালন করা ছেনু মিয়া বর্তমানে দিনমজুরের কাজ করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত রাসেল পেশায় দিনমজুর হলেও মাদকাসক্ত ছিলেন। রোজগারের সব টাকা তিনি মাদকের পেছনেই শেষ করতেন। মাদক সেবনের টাকার জন্য প্রায়ই তিনি পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন এবং এ নিয়ে বাবার সাথে তার প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।
শনিবার সকালে রাসেল টাকা দাবি করলে সেনু মিয়া টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে তাদের মধ্যে প্রচণ্ড বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে রাসেল ক্ষিপ্ত হয়ে একটি লাঠি দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি মারধর করেন। লাঠির আঘাতে সেনু মিয়া গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন।
স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের প্রতিবেশী আমিনুল ইসলাম জানান, রাসেল আগেও একাধিকবার তার বাবাকে মারধর করেছে। তার মাদকাসক্তির কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে ছিল। কিছুদিন আগেই রাসেল তার বাবার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নিয়েছিল। সেই টাকা শেষ করার পর আবারো সে টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করতে থাকে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে এখনো কেউ মামলা দায়ের করেনি।



