সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাতীয় পার্টির নেতাসহ বিভিন্ন দলের প্রায় অর্ধশত নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার স্থানীয় নরসিংপুর বাজারে আয়োজিত সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন।
যোগদানকারীরা হলেন- নরসিংপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাহফুজ, সুরুজ আলী, জাতীয় পার্টির নেতা সামছুল হক, মো: ফরিদ আহমদ, সাইকুল ইসলাম, আব্দুল হাকিমসহ প্রায় অর্ধশত নেতাকর্মী।
এ সময় ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, ‘দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নরসিংপুর বাজারে মিছিলে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং মানুষ দলে দলে যেভাবে ইনসাফের পক্ষে যোগ দিচ্ছেন, তা প্রমাণ করে আগামীর রাষ্ট্র ইসলামের রাষ্ট্র। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সমর্থিত ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে নির্বাচিত করতে এলাকাবাসী এই গণজোয়ার সৃষ্টি করেছে।’
ইউনিয়ন জামায়াতের আমির আতাউর রহমানের সভাপতিত্বে এবং আলাউর রহমান আলাল ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রফিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সাদিক সালিম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডা: হারুনুর রশিদ, ইউকে প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস, সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক মানিকসহ বিভিন্ন পর্যায়ের দুই হাজারের অধিক নেতাকর্মী।



