রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

‘শিশুর সুস্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাজশাহী নগরবাসীর প্রতি আমার বিশেষ আহ্বান, ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi City
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

আগামী রোববার (২৮ জুন) সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জাতীয় কর্মসূচির অংশ হিসবে রাজশাহী সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় রাজশাহী মহানগরীতে মোট ৬৬ হাজার ৩৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী নয় হাজার ১১৩ জন ও ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আগামী ২৮ জুন সারাদেশে অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করতে হবে।’

তিনি বলেন, ‘শিশুর সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অপুষ্টিজনিত নানা ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা দেয়। তাই প্রতিটি শিশুর জন্য নির্ধারিত বয়স অনুযায়ী ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’

তিনি আরো বলেন, ‘শিশুর সুস্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাজশাহী নগরবাসীর প্রতি আমার বিশেষ আহ্বান, ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান। আপনার সামান্য এই উদ্যোগ শিশুকে অপুষ্টি ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসুন, আমরা সবাই মিলে শিশুদের জন্য একটি অপুষ্টিমুক্ত, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি।’

এ সময় রাজশাহী মহানগরীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্নে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন রাসিকের ব্যবস্থাপনায় ৩০টি ওয়ার্ডে ৩৮৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ক্যাম্পেইন চলাকালীন ওয়ার্ড কার্যালয়ে রাত ৮টা পর্যন্ত ক্যাপসূল খাওয়ানো হবে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ছয় থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে ২ জন করে মোট ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম। এছাড়া জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সার্বিক তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ এ এম আঞ্জুমান আরা বেগম।