চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ৫টি ইটভাটা মালিককে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজওয়ান উল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইনবহির্ভূত কার্যক্রমে জড়িত ইটভাটাগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ এলাকায় অবস্থিত মেসার্স পটিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং (PBM)-এর মালিক নেওয়াজ রশিদকে ৪ লাখ টাকা, মেসার্স শাহ আমানত ব্রিকস (MSB)-এর মালিক মো. সোলাইমানকে ৪ লাখ টাকা, মেসার্স জোহাদিয়া ব্রিকস (HBL)-এর মালিক আলী আজমকে ৪ লাখ টাকা, মেসার্স ন্যাশনাল ব্রিকস ম্যানুফ্যাকচারিং (NBM)-এর মালিক দিদারুল হককে ৪ লাখ টাকা এবং মেসার্স চৌধুরী ব্রিকস (MAA)-এর মালিক নাজিম উদ্দিনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব-৭ চট্টগ্রাম, চন্দনাইশ থানা পুলিশ, চট্টগ্রাম রিজার্ভ পুলিশ এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চন্দনাইশ স্টেশনের সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



