লোহাগাড়ায় পুলিশের অভিযানে ৬৩ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে।

Location :

Chattogram
লোহাগাড়া থানায় ইয়াবাসহ গ্রেফতার তিন আসামি
লোহাগাড়া থানায় ইয়াবাসহ গ্রেফতার তিন আসামি |নয়া দিগন্ত

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের লোহাগাড়ায় ২৪ ঘণ্টায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজার ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এসব অভিযানে এক নারীসহ সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) সকালে গ্রেফতার আসামিদের আদালতে উপস্থাপন করা হলে আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

লোহাগাড়া থানা পুলিশ জানায়, রোববার রাত সোয়া ১০টার দিকে উপজেলার একটি অস্থায়ী চেকপোস্টে তল্লাশিকালে একটি সাদা রঙের টয়োটা জিপ গাড়িকে থামানো হয়। পরে গাড়িটির ইঞ্জিনের বাম পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জিপ আরোহী মো: আল মামুন (৪০), মোহাম্মদ আলী (৩০) ও ইসমাত জেরিনকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।

এর আগে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনের মহাসড়কে একটি মোটরসাইকেল তল্লাশি করে গিয়ার বক্স থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেল চালক ইলিয়াছ হাবিবকে (২৬) গ্রেফতার করে পুলিশ।

রাত ২টার দিকে একই স্থানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রী মোহাম্মদ মিজানুর রহমানকে (২৯) তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে বিকেলে আমিরাবাদ ইউনিয়নের লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের সামনে অন্য একটি চেকপোস্টে তল্লাশিকালে হানিফ পরিবহনের অন্য এক যাত্রী মো: সিদ্দিককে (৪৮) জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পেটের ভেতর ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করার পর চিকিৎসকের পর্যবেক্ষণে তার পেট থেকে বিশেষ কায়দায় গিলে ফেলা ইয়াবার উপস্থিতি ধরা পড়ে। পরে চিকিৎসকদের সহায়তায় তার পেট থেকে ৭৬৮ পিস ইয়াবা বের করে তাকে গ্রেফতার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, সোমবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।