নাসিরনগরে খাস জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

‘দুপুরে আমাদের পরিবারের লোকজন জমিতে কাজ করতে গেলে আলমগীর মিয়া লোকজন নিয়ে সরকারি জায়গা দখল করতে আসে। আমরা বাধা দিলে আমাদের বাড়ির নারীদের ওপর নির্যাতন চালানো হয়। আমার চাচা বাঁচাতে গেলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত
জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বশির মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত বশির মিয়া খাগালিয়া গ্রামের হিলাল উদ্দীনের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আলমগীর মিয়া নামে এক ব্যক্তি সরকার থেকে জমিটি ক্রয় করেছেন দাবি করে সেখানে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। এ নিয়ে প্রতিপক্ষ কুতুবের বাড়ির নারীদের সাথে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় বশির মিয়া গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজি খায়রুন্নেসা অভিযোগ করে বলেন, ‘দুপুরে আমাদের পরিবারের লোকজন জমিতে কাজ করতে গেলে আলমগীর মিয়া লোকজন নিয়ে সরকারি জায়গা দখল করতে আসে। আমরা বাধা দিলে আমাদের বাড়ির নারীদের ওপর নির্যাতন চালানো হয়। আমার চাচা বাঁচাতে গেলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।’

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘পূর্ব বিরোধ ও সরকারি খাস জমি সংক্রান্ত সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’