নরসিংদী প্রতিনিধি ও মাধববদী সংবাদদাতা
নরসিংদীর সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় (সদর সার্কেল) অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম আনোয়ারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের আরশিনগর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আহত অবস্থায় শামিম আনোয়ারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়েছে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর সার্কেল এএসপি শামিম আনোয়ার বলেন, সকালে নরসিংদী পৌর শহরের আরশিনগর এলাকায় দু’জন লোক যানবাহন থেকে টাকা তুলছিল। এ সময় আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, কিসের টাকা তোলা হচ্ছে? টাকা তুলতে তো হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে। এরই মধ্যে হঠাৎ ৩৫ থেকে ৪০ জন লোক অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা আমাকে কিল-ঘুষি মারতে থাকে। এরপর লাঠি দিয়ে মাথায় আঘাত করলে আমি পড়ে যাই। প্রায় ১০/১৫ মিনিট অজ্ঞায় অবস্থায় পড়ে থাকি। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা এবং এলাকার লোকজন আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে নরসিংদী সড়কে চাঁদাবাজি বন্ধে জিরোটলারেন্স ঘোষণা করেন এএসপি শামিম আনোয়ার। এ বিষয়ে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দেন। একইসাথে তার ওপর যেকোনো সময় হামলার আশঙ্কার কথাও জানান তিনি।



