ফরিদপুরের শ্রমিক লীগ নেতা গোলাম নাসির ৫ দিনের রিমান্ডে

‘গত বছর ৩ ও ৪ আগস্ট ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর সশস্ত্র বাহিনী নিয়ে হামলা করেন গোলাম নাসির।’

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
ফরিদপুরের শ্রমিক লীগ নেতা গোলাম নাসির ৫ দিনের রিমান্ডে
ফরিদপুরের শ্রমিক লীগ নেতা গোলাম নাসির ৫ দিনের রিমান্ডে |ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসিরকে (৫২) জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ফরিদপুরের এক নম্বর আমলী আদালতের বিচারক আসিফ এলাহী।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন আদালত। ফরিদপুরে গত জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার এসআই আবুল বাসার নাসির সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করেছিলেন।

জানা গেছে, গোলাম নাসির শহরের ওয়ারলেস পাড়া মহল্লার বাসিন্দা মৃত এস এম বদরুল আলমের ছেলে। গত শুক্রবার (৮ আগস্ট) দুপুরে ঢাকার পল্লবী জনতা তাকে আটক করে পুলিশে দেয়। এরপর শনিবার ভোররাতে পল্লবী থানা থেকে ফরিদপুরে কোতয়ালী থানায় নিয়ে আসা হয়।

এরপর তার বিরুদ্ধে কোতয়ালী থানায় দায়ের করা বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে ওই দিন আদালতে চালান করা হয়। এদিন পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন জানায়। মঙ্গলবার ওই আবেদনের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে বিকেলে ফরিদপুরের জেনারেল হাসপাতালে গোলাম নাসিরের মেডিক্যাল টেস্ট করিয়ে একটি পুলিশ ভ্যানে তাকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হয়। জেনারেল হাসপাতালের সামনে নাসিরকে পুলিশ ভ্যানে তোলার ভিডিও করার সময় পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজি রিয়াজের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ‘তুইতোকারি’ করে তাচ্ছিল্য করে বলেও অভিযোগ পাওয়া যায়।

জানা গেছে, গত বছর ৩ ও ৪ আগস্ট ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর সশস্ত্র বাহিনী নিয়ে হামলা করেন গোলাম নাসির। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। তবে আন্দোলনকারীদের তোপের মুখে পালিয়ে যেতে বাধ্য হন গোলাম নাসির ও তার বাহিনী।

এদিকে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা চালিয়ে আহত করার ঘটনায় ওই বছরের ১০ অক্টোবর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের বাসিন্দা মো: মুজাহিদুল ইসলাম।

ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকসহ ঢাকা ও ফরিদপুরের আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ ১২৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো তিন শ’ থেকে চার শ’ জনকে। ওই মামলার ২৭ নম্বর এজাহারভুক্ত আসামি এই গোলাম নাসির।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার এসআই আবুল বাসার জানান, পুলিশ গোলাম নাসিরের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিল। মঙ্গলবার বিকেলে রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাকে মেডিক্যাল টেস্টের পর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে।