যশোর অফিস
যশোরে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের ২৫ জন নেতাকর্মী দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার রাত ৯টায় প্রেস ক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও কেন্দ্রীয় জাতীয় ওলামা পার্টির সাধারণ সম্পাদক মুফতি ফিরোজ শাহ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে দলকে সুসংগঠিত করার পাশাপাশি দেশের কল্যাণে কাজ করে আসছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলার চরম অবনতি, নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা এবং শীর্ষ পর্যায়ের নেতাদের অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডে তারা হতাশ হয়েছেন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টি দেশ ও জনগণের কল্যাণে কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে তাদের বিশ্বাস নেই। এ কারণে তারা স্বেচ্ছায় দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পদত্যাগের মাধ্যমে জাতীয় পার্টির সাথে সকল সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করেছেন বলে তিনি ঘোষণা করেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল ও এম এ হালিম, কেশবপুর উপজেলা সভাপতি জি এম হাসান, শার্শা উপজেলা সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সদর উপজেলা সভাপতি শফিয়ার রহমান, জেলা সদস্য হাবিবুর রহমান (হাবিব), রুহুল আমিন লাভলু, ইমন হোসেন লাল্টু, আমিনুর রহমান, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, বজলুর রহমান, জামাল উদ্দিন, মফিজুর রহমান, একরামুল হক জুয়েল, আবু হারেজ, ওসমান গণি সরকার, সেকেন্দার আলী, মাস্টার ফিরোজ প্রমুখ।



