বিরোধীদলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘দেশ রক্ষায় এক ইঞ্চি জায়গা কেনো, একটি বালুর কনার ওপর কাউকে পা রাখতে দেবো না। স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না।’
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা জামায়াত আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বললেন।
ডা: শফিকুর রহমান বলেন, মাদক নির্মূলে কোনো আপস করব না। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না।’
নেত্রকোনার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ‘অপার সম্ভাবনাময় এই জেলার উন্নয়নে এখানে কলকারখানা স্থাপন করতে হবে। এই ব্যাপারে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।’
জামায়াত আমির বলেন, ‘বিজিবির পাশাপাশি দেশ প্রেমের অস্ত্র নিয়ে তাদের পাশে আমাদের দাঁড়িয়ে যেতে হবে।’
তিনি বন্ধুত্বের পরিচয় দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অধ্যাপক আহাম্মদ সাদেক আহমদ হারিসের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারি সেক্রেটারি মাসুম মোস্তফা, পৌর জামায়াতের নায়েবে আমির আবুল হোসেন তালুকদার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জহিরুল ইসলাম।



