খাগড়াছড়িতে বিপুল পরিমানে চোরাচালানকৃত অবৈধ কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) অধীনস্থ বান্দরসিং বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা হতে এ চোরাচালান আটক করা হয়।
বিজিবি জানায়, খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় বান্দরসিং বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো: হেদায়েতুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল জেলার মাটিরাঙ্গা উপজেলাস্থ বান্দরসিংপাড়া নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় সেগুন কাঠ ৪৪সিএফটি এবং গামারী কাঠ সাত সিএফটি মালিকবিহীন অবস্থায় জব্দ করতে সক্ষম হয় বিজিবি দল।
জব্দকৃত কাঠ মাটিরাঙ্গা বনবিটে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, ‘খাগড়াছড়িতে চোরাচালান প্রতিরোধে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। ভবিষ্যতেও এ ধরনের আভিযানিক কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।’



