উল্লাপাড়ায় উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ ১২ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নে প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হয়েছে।

মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

Location :

Ullahpara
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো |ফাইল ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নে প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে স্থানীয় জামায়াত অফিসে আয়োজিত এক সভায় এসব প্রার্থীর নাম ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম।

ঘোষণাকালে তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা ও স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী মাঠপর্যায়ে কাজ করছে।’

প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মাতোয়ারা পারভিন। এছাড়া উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে আব্দুল করিমকে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ঘোষিত প্রার্থীরা হলেন— রামকৃষ্ণপুর ইউনিয়নে শফিকুল ইসলাম, বাঙ্গালা ইউনিয়নে আবু হানিফ, উধুনিয়া ইউনিয়নে অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, বড়পাঙ্গাসী ইউনিয়নে সাদ্দাম হোসেন, মোহনপুর ইউনিয়নে হাফেজ হেলাল উদ্দিন, পূর্ণিমাগাঁতী ইউনিয়নে আলাউদ্দিন আল আজাদ, সলঙ্গা ইউনিয়নে রাশেদুল ইসলাম শহীদ, হাটিকুমরুল ইউনিয়নে মোস্তাফিজুর রহমান,বড়হর ইউনিয়নে বুলবুল আহমেদ, সদর ইউনিয়নে মাওলানা আতাউর রহমান, সলপ ইউনিয়নে খোন্দকার শহিদুল ইসলাম এবং কয়ড়া ইউনিয়নে নূরুল ইসলাম আকন্দ।

তবে দুর্গানগর ও পঞ্চক্রোশী ইউনিয়নে এখনো প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।