মোংলায় যুবদল কর্মীর ওপর হামলা

অভিযুক্ত মোহন স্বেচ্ছাসেবক দলের কেউ নন বলে জানালেন নেতারা

মোহনের বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সংগঠন তার দায় নেবে না।

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

Location :

Bagerhat
অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মোহন
অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মোহন |নয়া দিগন্ত

মোংলায় যুবদল কর্মী মোহাম্মদ রাহাত হোসেন মুন্নার ওপর হামলার ঘটনায় গ্রেফতার মোহনকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাথে সম্পর্কহীন বলে দাবি করেছে স্থানীয় নেতৃত্ব।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: শাহজালাল সাফি ও সদস্য সচিব মো: নুর উদ্দিন টুটুল বলেন, ‘মোহন বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কোনো পদে নেই। তিনি আগের একটি কমিটির প্রস্তাব চলাকালে স্বেচ্ছায় সরে দাঁড়ান। এরপর আর কোনো সাংগঠনিক দায়িত্ব বা কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না।’

তারা বলেন, ‘মোহনের বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সংগঠন তার দায় নেবে না। ফেসবুকে নিজেকে যুগ্ম আহ্বায়ক দাবি করলেও সেটি মিথ্যা ও ভিত্তিহীন।’

উল্লেখ্য গত মঙ্গলবার সকালে মোংলার মেরিন ড্রাইভ সড়কের শিকারী মার্কেট এলাকায় যুবদল কর্মী মুন্নার ওপর ধারালো চাপাতি দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার ঘটনায় মুন্নার পরিবার মোংলা থানায় মামলা দায়ের করে। পুলিশ মোহনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

মোংলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও স্থানীয় যুবদল নেতা মো: আলাউদ্দিন বলেন, ‘এই হামলা নিছক কোনো বিরোধ নয়। এটি পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্ত করা গেছে।’