গৌরনদীতে মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক ১

উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ডে অবস্থিত রাজিব ফার্মেসির সামনে থেকে ফার্মেসি মালিকের একটি মোটরসাইকেল চুরি করে এক যুবক গৌরনদীর দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
চোর আটক
চোর আটক |ফাইল ছবি

বরিশালের গৌরনদীতে একটি ফার্মেসির সামনে থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় ধাওয়া করে এক যুবককে মোটরসাইকেলসহ আটক করেছে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিলে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাত প্রায় সোয়া ১০টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ডে অবস্থিত রাজিব ফার্মেসির সামনে থেকে ফার্মেসি মালিকের একটি মোটরসাইকেল চুরি করে এক যুবক গৌরনদীর দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে ধাওয়া করে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলসহ আটক করেন। এ সময় উত্তেজিত জনতা ওই যুবককে গণধোলাই দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে জনতার হাত থেকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা স্যাকমো জাহিদুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ‘উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’